রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমান মালিকবিহীন সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

গত ০২ নভেম্বর  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সর্বাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ  তালুকদারপাড়া নামক স্থানে  কিছু অসাধু ব্যবসায়ী কর্তৃক বিপুল পরিমান অবৈধ কাঠ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন পিএসসি”র নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে সুবেদার মোহাম্মদ আবুল হাসেম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৫৬২.৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে বিজিবি। যার সিজার মূল্য  ৭৮,১৩,৪০০/- (আটাত্তর লক্ষ তেরো হাজার চারশত) টাকা।

উল্লেখ্য, জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া বিট, পাবলাখালী রেঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)জোন অধিনায়ক জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সার্বক্ষনিক অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।