সকাল ও বিকেলে চলবে দুই জোড়া ট্রেন, যাত্রাবিরতি থাকবে ৮টি স্টেশনে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বাংলাদেশ রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে। নতুন এই ট্রেন চালুর ফলে ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণী অনুযায়ী, নতুন আন্তঃনগর ট্রেনের নাম রাখা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির উদ্বোধনের মাধ্যমে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন।

তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থার অংশ হিসেবে ট্রেন দুটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা-পাবনা রুটে দীর্ঘদিনের প্রত্যাশিত আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।