ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ শাহজাহান মাঠে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

channelq24
নভেম্বর ৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পাহাড়তলী এলাকার শহীদ শাহজাহান মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিসহ চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।

দেশরক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। আগামী ২৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামের কৃতী সন্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে (ম্যান অব দ্য ম্যাচ) পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

টুর্নামেন্টের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন মাঠে খেলা দেখতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন দেশরক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি টুর্নামেন্ট সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ সম্মেলন শেষে প্রধান অতিথি ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি উন্মোচন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্বার সংঘ ও চট্টগ্রাম-১১ মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে শহীদ শাহজাহান মাঠে ব্যাপক উন্নয়নকাজ করা হয়েছে। মাঠের দুই পাশে নেটের প্রাচীর নির্মাণ, চারপাশে এলইডি লাইট স্থাপন এবং ক্রিকেট পিচ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

২৪ দলের গ্রুপভিত্তিক তালিকা:

  • গ্রুপ এ: দুর্বার সংঘ, রায়হান স্পোর্টস ও চট্টগ্রাম-১১।
  • গ্রুপ বি: সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট।
  • গ্রুপ সি: আসওয়াদ ক্রিকেট একাডেমি, চিটাগং রেলওয়ে ক্রিকেট টিম ও ওসিএস ফিউচার স্পোর্টস।
  • গ্রুপ ডি: সাইনিং স্পোর্টস একাডেমি, হাজী ক্যাম্প একাদশ ও ইস্পাহানি রয়েল ব্রাদার্স।
  • গ্রুপ ই: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নিও ক্রিকেট একাডেমি ও আলো সিঁড়ি ক্লাব।
  • গ্রুপ এফ: হাক্কানী একাদশ, চিটাগং ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স ক্রিকেট একাডেমি।
  • গ্রুপ জি: পাহাড়তলী স্পোর্টিং ক্লাব, সিএস স্পোর্টস একাডেমি ও চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি।
  • গ্রুপ এইচ: এমএস ক্রিকেট একাডেমি, মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ ও নিউ স্টার ক্রিকেট একাডেমি।

যুবদল নেতা ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুর আহমেদ গুড্ডু, মিয়া হারুন, শাহরিয়ার জিয়া, মো. হেলাল হোসেন, শাহজালাল পলাশ, বাবুল পাটোয়ারী, মো. হনি ইউনুস, মুন্না মাস্টার, আরিফ শওকত খান রাজু, মো. মামুনুর রশিদ মামুন, মো. ওমর ফারুক, রাহাত রুবেল, মো. মাহবুব, মো. বাবু সাইফুল আলম, দস্তগীর হোসেন রিয়াদ, আব্দুল করিম, এইচ এম ওরিক, রাকিব খানসহ ২৪টি দলের অধিনায়ক ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।